বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন প্রাঙ্গণ থেকে একটি ‘ঘরগিন্নি’ প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বাসভবনের ভেতরে সাপটি ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্টরা।
পরবর্তীতে দ্রুত বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন ‘ওয়াইল্ডটিম’-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
শরণখোলা ওয়াইল্ডটিমের কর্মকর্তা আলম হাওলাদার জানান, ঘরগিন্নি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ স্বভাবের একটি সাপ। এই সাপ মূলত টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাপটি উদ্ধার করার পর বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে।