রাজশাহী মহানগরীর বিভিন্ন জলাশয়ে এডিস মশার লার্ভার উপস্থিতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। স্বাস্থ্য বিভাগের জরিপ অনুযায়ী, প্রজনন মৌসুম শুরু হওয়ার আগেই লার্ভার ঘনত্ব প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে, যা ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।
২০২৫ সালে এডিস লার্ভার ঘনত্ব সূচক বা ব্রুটো ইনডেক্স ছিল ১০ দশমিক ৬৬, যা বর্তমানে বেড়ে ৩০ দশমিক ৬৬-তে পৌঁছেছে। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই বৃদ্ধি উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
বিভাগীয় কীট টেকনিশিয়ান আব্দুল বারী বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি হলে তা ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকি বোঝায়।”
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান জানান, বর্ষায় এডিসের প্রজনন সাধারণত বেড়ে যায়, তবে মৌসুমের আগেই লার্ভার ঘনত্ব বৃদ্ধিকে স্বাস্থ্য বিভাগ অশনিসংকেত হিসেবে দেখছে।
রাজশাহী সিটি করপোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে মশকনিধন কার্যক্রম ও সচেতনতামূলক উদ্যোগ জোরদার করা হবে।” তিনি ডেঙ্গু মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন।