শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ৮ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদফতরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতি আগামী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার এ পরিস্থিতিতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি জনসাধারণকে প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন