আজ ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগের ঝড়ের সাথে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
সকাল ১০টায় দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।