গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১ শিশু। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৩৮ শিশুর মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় ১০৬ শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২৫। হাসপাতাল থেকে ৯০৪ শিশু ছাড়া পেয়েছে এবং ৮৭৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৬১৮ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৮ হাজার ৮৪৪ রোগী, যাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে।