বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আগামী ৭২ ঘণ্টায় দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার ২৪ ঘণ্টায়) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি ২৪ ঘণ্টায়) বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া, ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদফতর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।