আজ ১৬ নভেম্বর, আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত হচ্ছে। এই দিবসটি ১৯৯৫ সালে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে শুরু হয়, যার উদ্দেশ্য হলো অসহিষ্ণুতার বিপদ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা এবং সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখা।
বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতি ও ধর্মের ভুল ব্যাখ্যা করে যারা নিজেদের সম্পদ ও আধিপত্য বাড়াতে চান, তাদের জন্যই সহনশীলতা নষ্ট হচ্ছে। মনোরোগ বিশেষজ্ঞ ড. আতিকুল হক মজুমদার জানান, “মানুষে মানুষে বিভাজন সৃষ্টির প্রবণতাই সহনশীলতা নষ্ট করে।”
তিনি আরও বলেন, “বাঙালিরা তুলনামূলকভাবে আবেগপ্রবণ। এ কারণে আমাদের মাঝে অসহিষ্ণুতার মাত্রা একটু বেশি।” তিনি উল্লেখ করেন, সামাজিক সম্পর্কগুলো এখন ভঙ্গুর অবস্থায় আছে এবং এর প্রধান কারণ হচ্ছে অবিশ্বাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, “মানুষে মানুষে মতের অমিল থাকাটা স্বাভাবিক। তবে ধর্মীয়, রাজনৈতিক, জাতিগত ও অর্থনৈতিক কারণে দ্বন্দ্বের মাত্রা ছাড়িয়ে গেলে শুরু হয় সংঘাত।”
তিনি আরও বলেন, “সমাজ কখন যুদ্ধংদেহী হয়, রাষ্ট্র কখন যুদ্ধ করে? অন্যের সম্পত্তি লুট করার জন্য, অন্য রাষ্ট্রকে দখল করার জন্য। এই যুদ্ধংদেহী মনোভাব অসহিষ্ণুতার কারণে তৈরি হয়।”
অসহিষ্ণুতা ও বৈষম্য রোধ, সমাজে বর্ণবাদ, ধর্মীয় উগ্রবাদ এবং রাজনৈতিক রেষারেষির ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার প্রধান লক্ষ্য হলো সহনশীলতা প্রতিষ্ঠা। ১৯৯৬ সাল থেকে ১৬ নভেম্বর বিশ্বব্যাপী এই দিবস পালিত হচ্ছে।