রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সংঘাত ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তিন নেতাকে বহিষ্কার করেছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী অন্তর্ভুক্ত রয়েছেন। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এছাড়া, শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ছয়জন গুরুত্বপূর্ণ পদধারী নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।
গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়েছে। এই ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখায় শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নিয়েছে।