রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বিকল্প জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করা প্রয়োজন।’
এছাড়া, ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে স্বল্প সুদে ব্যাংক ঋণের মাধ্যমে রাজশাহী ও উত্তরাঞ্চলে শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল।’
সাক্ষাৎকালে ডিসিসিআই প্রতিনিধিরা রাষ্ট্রপতিকে আসন্ন ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
ডিসিসিআই প্রতিনিধিরা জানান, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সমস্যাগুলো সমাধান সম্ভব হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘দেশে গণতন্ত্রের জন্য মানুষ বারবার সংগ্রাম করেছে। কিন্তু গণতন্ত্র অর্জিত হওয়ার পর তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা ব্যর্থ হই।’ তিনি অতীতের লুটপাটতন্ত্রের কারণে দেশের পিছিয়ে পড়ার বিষয়েও আলোচনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ডিসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।