রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরেনিয়ামবাহী বিমানটি পৌঁছানোর কথা রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানটি রাশিয়া থেকে রওনা হয়ে ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় আসবে। এর আগে ২৪ তারিখে ইউরেনিয়ামের চালান আসার কথা ছিল, কিন্তু রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়। চলতি বছরের মধ্যে মোট সাতটি ইউরেনিয়ামের চালান আসবে বলে জানা গেছে।
প্রথম ইউনিটে তিন মাসের বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়েছে, তবে সেফটি ভালভের নিরাপত্তা ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। রাশিয়ার প্রকৌশলীরা বর্তমানে ত্রুটি মেরামতের কাজ শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে ২০০–৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে।