বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস, রেমিট্যান্স ও রপ্তানি, সেপ্টেম্বর মাসে ইতিবাচক অবস্থানে রয়েছে। চলতি মাসে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয় হয়েছে।
অর্থনীতিবিদরা জানান, বিশ্ববাজারে চাহিদার ধীরগতি এবং দেশের অর্থনীতিতে চাপ থাকা সত্ত্বেও এই প্রবৃদ্ধি আশা জাগানিয়া। তবে, তারা সতর্ক করেন যে, আগামী দিনে এই ধারা ধরে রাখা চ্যালেঞ্জিং হতে পারে।
গত জুলাই মাসে তীব্র গ্যাস সংকটের কারণে দেশের ৫০ শতাংশ তৈরি পোশাক ও বস্ত্র কারখানার উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। তবে বর্তমানে সমস্যার কিছুটা সমাধান হয়েছে এবং উৎপাদন বাড়তে শুরু করেছে। এর ফলে রপ্তানি আয়েও ইতিবাচক প্রভাব পড়েছে।
বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এই বছরের একই সময়ের পণ্য রপ্তানি আট দশমিক পাঁচ চার শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯৪ কোটি ডলারে পৌঁছেছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩৪ শতাংশ হয়েছে।
শীর্ষ পাঁচ রপ্তানি খাতের মধ্যে চারটি খাত, যেমন তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হোমটেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। তবে, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি সাফল্য এসেছে ওষুধ খাতে, যেখানে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৬৪ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।
এদিকে, প্রবাসী আয়ও ইতিবাচক অবস্থানে রয়েছে। সেপ্টেম্বর মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে ২৭৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ হাজার কোটি টাকার বেশি।