বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিশ্বমঞ্চে সিলেটের রাহমাহর সাফল্য: ‘টিনইগল’ প্রতিযোগিতায় সেরা

সিলেটের রাহমাহ খান চৌধুরী ‘টিনইগল’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

বিশ্বমঞ্চে সিলেটের রাহমাহর সাফল্য: ‘টিনইগল’ প্রতিযোগিতায় সেরা

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ‘টিনইগল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন’-এর ফাইনালে ‘পারসুয়েসিভ স্পিকিং’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সিলেটের রাহমাহ খান চৌধুরী। এই সাফল্যের ফলে তিনি একটি স্বর্ণ এবং একটি রৌপ্যপদক লাভ করেন।

রাহমাহ আনন্দ নিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দীর্ঘদিনের ইচ্ছা ছিল তার। ‘টিনইগল’ প্রতিযোগিতার মাধ্যমে সেই সুযোগ আসে। জাতীয় পর্যায়ে প্রথম ধাপের পরীক্ষা কেরানীগঞ্জের ‘লন্ডন স্কুল অব ইংলিশ’-এ অনুষ্ঠিত হয়, যেখানে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক অর্জন করেন।

গ্লোবাল ফাইনালে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেছে নিতে হয়। স্কুল পরীক্ষার কারণে রাহমাহ যুক্তরাষ্ট্রে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। বাবার পূর্ণ সমর্থনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে ২৫ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি।

মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সাত দিনব্যাপী এই গ্লোবাল ফাইনালে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মুখোমুখি হতে হয়। প্রতিটি ধাপে বিচারকদের নজর কাড়েন রাহমাহ।

পুরস্কার ঘোষণার সময় ‘পারসুয়েসিভ স্পিকিং’ বিভাগে তার নাম ঘোষণা হলে তিনি বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেন। এই সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে রাহমাহ বলেন, ‘বিশ্বমঞ্চে ৭০টি দেশের প্রতিযোগীদের মধ্যে নিজের দেশের নাম উঁচিয়ে ধরার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই পদক শুধু আমার নয়, আমার পুরো বাংলাদেশের।’

বিজ্ঞাপন