সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

থার্ড টার্মিনাল চালুর আগেই ঋণের কিস্তি পরিশোধের চাপ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর আগে ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ছে।

থার্ড টার্মিনাল চালুর আগেই ঋণের কিস্তি পরিশোধের চাপ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বাণিজ্যিকভাবে চালুর আগেই ঋণের কিস্তি পরিশোধ শুরু হচ্ছে। চলতি বছরের মধ্যে জাপানের কাছ থেকে নেওয়া ঋণের বিপরীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা কিস্তি পরিশোধ করতে হবে।

এই পরিমাণ অর্থ টার্মিনালটির সম্ভাব্য এক বছরের আয়ের সমান। সরকার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে টার্মিনালটি বাণিজ্যিকভাবে চালুর পরিকল্পনা করছে, যাতে দ্রুত রাজস্ব আয় নিশ্চিত করা যায়।

বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রীসেবা সক্ষমতা প্রায় ৮০ লাখ, যা থার্ড টার্মিনাল চালু হলে বেড়ে হবে ১ কোটি ৮০ লাখ। আধুনিক সুবিধা যুক্ত হওয়ায় কার্গো হ্যান্ডলিং সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

থার্ড টার্মিনাল নির্মাণে সরকার জাপানের কাছ থেকে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, টার্মিনালটির পরিচালনার দায়িত্ব একটি জাপানি কনসোর্টিয়ামের হাতে দেওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই চুক্তি থেকে সরে এসেছে।

বর্তমানে টার্মিনাল নির্মাণ শেষ হলেও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি। এই অবস্থায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা চুক্তি সই করা হবে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত বাণিজ্যিক কার্যক্রম চালু না করলে এই ২২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প রাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে উঠতে পারে। চুক্তি কার্যকর হলে থার্ড টার্মিনালের বন্দর উন্নয়ন ফি, লাউঞ্জ, কার্গো হ্যান্ডলিং এবং কার পার্কিং থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে জাপানি কনসোর্টিয়ামের হাতে।

এসব খাত থেকে অর্জিত রাজস্বের ৭৩ শতাংশ পাবে কনসোর্টিয়াম এবং বাকি ২৭ শতাংশ পাবে বাংলাদেশ।

বিজ্ঞাপন