জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের প্রতি সতর্কতা জারি করেছে, যাতে তারা আয়কর নথি নিরীক্ষার (অডিট) প্রতিশ্রুতি দিয়ে প্রতারকদের ফাঁদে না পড়েন।
আজ রোববার সকালে এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু প্রতারক চক্র করদাতাদের কাছে টাকা দাবি করছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না।
এনবিআরের নিয়ম অনুযায়ী, কোনো ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে তা লিখিত নোটিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে করদাতাকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যদি কেউ এনবিআরের কর্মকর্তা সেজে অর্থ দাবি করে, তাহলে করদাতাদের বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে হবে।