বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে।
সোমবার (৬ জুলাই) সকালে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। ঝড়ের সম্ভাবনা রয়েছে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে।
এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে পুনরায় দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ তথ্য জানানো হয়।
এছাড়াও, দেশের অন্যান্য এলাকাগুলোতে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।