বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন লিওনেল মেসি।
শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে থাকে আর্জেন্টিনা, তবে তারা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়।
প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত একাধিক সুযোগ তৈরি হলেও তা পূর্ণতা পায়নি। ম্যাচের ২৯তম মিনিটে ডেডলক ভাঙেন মেসি। লিসান্দ্রো মার্টিনেসের নিখুঁত লম্বা পাসে বলটি মেসির কাছে পৌঁছায়, যেখানে তিনি ডিফেন্ডারের থেকে অর্ধ গজ এগিয়ে ছিলেন। প্রথম স্পর্শেই বলকে দারুণভাবে নিয়ন্ত্রণ করেন মেসি।
এরপর দ্বিতীয় ছোঁয়ায় গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন তিনি। এই ম্যাচে মাঠে নামার মাধ্যমে মেসি আরও একটি কীর্তি গড়েছেন।
এখন তিনি একমাত্র ফুটবলার হিসেবে ফিফা বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। চলতি বিশ্বকাপে জার্মানির লোথার ম্যাথিউসকে (২৫) টপকে সর্বাধিক ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন মেসি, যা এবার আরও পোক্ত হলো।