খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুবৃর্ত্তরা এ অগ্নিসংযোগ করে। বৃষ্টির কারণে এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে তেমন ক্ষতি হয়নি।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার ভোর রাতে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ কার্যক্রম চালানো ছাত্রলীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতারা আগুন দেয়ার ভিডিও প্রচার করেন। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে দেয় এবং পরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্লাস্টিকের বোতলও পাওয়া গেছে।
খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশ প্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে কলেজে প্রবেশ করে। কিছুক্ষণ পর স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।
ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান এ ঘটনার জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের পলাতক কর্মীদের দায়ী করে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এ ঘটনা আবারো তাদের জঙ্গি কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরেছে এবং সারাদেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘গতকাল রাতে বৃষ্টি ছিল। রাতের কোনো এক সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা মো. রনিকে আটক করেছি, সে জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করবে।’