জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাযায় অংশগ্রহণ করতে ঢাকা ছেড়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা দেন। সংসদ সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন জানান, জানাযায় অংশগ্রহণ শেষে তিনি আগামী ৪ জুলাই দেশে ফিরে আসবেন।
আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৬ বছর।
তিনি ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর পরিবর্তিত শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে অল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। ইরান-ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তাঁকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়।