রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাংবাদিকদের সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখানোর আহ্বান জানিয়েছেন। বুধবার দুপুরে বঙ্গভবনে ল-রিপোর্টার্স ফোরামের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, "আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের কাজ করে।" তিনি বলেন, ল-রিপোর্টাররা আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, আইন বিষয়ে জনগণকে সহজ ভাষায় জানানো ও সচেতন করতেও সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি বলেন, "সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি।"
বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি অপতথ্য, ভ্রান্ত তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে, রাষ্ট্রপতি ল-রিপোর্টার্স ফোরামের রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।