দুই বছর পর রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা পুনরায় চালু করেছে ভারত। গত ২৮ জুন থেকে ভিসা প্রক্রিয়া শুরু হওয়ায় পশ্চিমবঙ্গের পর্যটন ও বাণিজ্য কেন্দ্রগুলোতে খুশির হাওয়া বইছে।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে সরকার পতনের প্রভাব দুই প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল, যার ফলে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা বন্ধ করে ভারত সরকার। এই বিধিনিষেধের ফলে পশ্চিমবঙ্গের পর্যটননির্ভর ব্যবসাগুলো চরম সংকটে পড়ে।
ভিসা পুনরায় চালুর খবরে কলকাতার ব্যবসায়ীরা আশার আলো দেখছেন। একজন ব্যবসায়ী বলেন, “বাংলাদেশি কাস্টমারদের ওপর আমাদের ব্যবসা নির্ভর করে। অনেক দিন ধরেই শুনছি ভিসা স্বাভাবিক হবে, কিন্তু অবশেষে সরকার সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশি।”
অন্য একজন ব্যবসায়ী জানান, “বাংলাদেশিরা আমাদের কাছে মেহমান, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আমরা চাই তারা নিশ্চিন্তে কলকাতায় আসুক।”
কলকাতার বিভিন্ন ব্যবসায়ী, রিকশা চালক থেকে ফলের দোকানদার পর্যন্ত, সকলেই সরকারের এই সিদ্ধান্তে আশাবাদী। হোটেল, রেস্তোরাঁ, পোশাকের দোকান এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে প্রাণের সঞ্চার হতে শুরু করেছে।
ব্যবসায়ীদের দাবি, গত দুই বছরে নিউ মার্কেটের ব্যবসা প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছিল এবং অনেকেই লোকসানের মুখে পড়ে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছেন। কলকাতার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি মনোতোষ সাহা বলেন, “বিগত দুই বছর ধরে আমরা অনেক অসহায় অবস্থায় ছিলাম। সেই অবস্থা কাটতে চলেছে।”
দুই দেশের পারস্পরিক সম্পর্কের উষ্ণতা ফিরলে পশ্চিমবঙ্গের পর্যটন ও অর্থনীতি আবারও চাঙ্গা হবে, এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা। তাই ভিসা প্রক্রিয়া কতটা সহজ ও দ্রুত হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা।