পুলিশ সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নতুন পোশাকে উপস্থিতি ছিল।
নতুন পোশাক অনুযায়ী পুলিশ সদস্যরা গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি প্যান্ট পরিধান করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের অংশ হিসেবে পোশাকে বড় পরিবর্তন আনা হয়।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আগের পোশাক বদলে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করা হয়।
বুধবার সকাল ৯টায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১, রোড নং-১০২, রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা।