রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এছাড়া, চট্টগ্রামে নতুন একটি থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্বাচল নতুন শহরের বড় একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং কিছু অংশ গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত। তিন জেলায় বিভক্ত হওয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছিল।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, পূর্বাচল প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ গঠন করা হবে। একই সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ির ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন হবে।
কুমিল্লার মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠন হবে।