২০২৬ ফিফা বিশ্বকাপে ঘরের মাঠের এস্তাদিও আজতেকায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ৪০ বছরের নকআউট খরা কাটানোর আনন্দে মেক্সিকো ভাসছিল। কিন্তু একই সঙ্গে রাজধানী মেক্সিকো সিটিতে নেমে এসেছে এক অন্ধকার শোকের ছায়া।
মেক্সিকো সিটির রাজপথে লাখো ফুটবল ভক্তের বাঁধভাঙা ভিড় ও তীব্র হুড়োহুরির মধ্যে দম আটকে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে মেক্সিকো সিটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ ল্যান্ডমার্কের চারপাশে যখন মেক্সিকান ফ্যানরা আনন্দে নাচছিলেন, তখন অতিরিক্ত ভিড়ের চাপে এই মর্মান্তিক ঘটনা ঘটে। উদ্ধারকারী দল ও জরুরি মেডিকেল টিম মেক্সিকো সিটির বিখ্যাত বুলেভার্ড ‘পাসিও দে লা রিফরমা’ থেকে বেশ কয়েকজন সংজ্ঞাহীন মানুষকে উদ্ধার করে।
চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলে নিবিড় জীবন রক্ষাকারী প্রচেষ্টার পর ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু নিশ্চিত করা হয়। পরে শ্বাসরোধের শিকার ৪৮ বছর বয়সী এক নারীকে হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি সবাইকে দায়িত্বশীলতা, যত্ন এবং সহানুভূতি নিয়ে আনন্দ করার আহ্বান জানান।
এই জয়টি মেক্সিকোর ফুটবল ইতিহাসে একটি মহাকাব্যিক ক্ষণ, কারণ ঘরের মাঠে দীর্ঘ চার দশক পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়লাভ করলো তারা। তবে ঐতিহাসিক গৌরবের রাতে ফুটবলপ্রেমীদের চোখের কোণে জল এনে দিয়েছে ঘটনাস্থলে সিপিআর দেওয়ার দৃশ্য।