ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পূর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বাদ পড়ায় টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এটি মূলত স্বাগতিক দেশের দর্শকদের টিকিটের চাহিদা হ্রাস পাওয়ার কারণে ঘটেছে। সেকেন্ডারি টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, গত শুক্রবার স্পেন ও বেলজিয়ামের ম্যাচের টিকিটের দাম ৬৫ শতাংশ পর্যন্ত কমে যায়।
যুক্তরাষ্ট্রের হারের আগে টিকপিকে শুক্রবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচের সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল প্রায় ৩ হাজার ২০০ মার্কিন ডলার। কিন্তু যুক্তরাষ্ট্র খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় সেই টিকিটের দাম কমে দাঁড়ায় প্রায় ১ হাজার ১০০ ডলারে।
মেক্সিকোর পরাজয়ের পর শনিবার মায়ামিতে অনুষ্ঠেয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকিটের দামও ৪৫ শতাংশ কমে গেছে। আগে সবচেয়ে কম দামের টিকিট ছিল প্রায় ৪ হাজার ডলার, যা এখন নেমে এসেছে প্রায় ২ হাজার ডলারে।