রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে মার্কিন নাগরিকের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত

ডিআর কঙ্গোতে মার্কিন নাগরিকের শরীরে ইবোলা শনাক্ত, আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩০।

ডিআর কঙ্গোতে মার্কিন নাগরিকের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) এ কর্মরত এক মার্কিন নাগরিকের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য নিশ্চিত করে।

সিডিসি জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার কর্মস্থল, সংশ্লিষ্ট ফেডারেল সংস্থা এবং ডিআর কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে কাজ চলছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা উচ্চ ঝুঁকির ব্যক্তিদের শনাক্ত করে পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ডিআর কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৩০ জনে পৌঁছেছে, যার মধ্যে মারা গেছেন ৬৪৮ জন।

চলতি বছরের মে মাসে, মার্কিন খ্রিস্টান মিশনারি চিকিৎসক ডা. পিটার স্ট্যাফোর্ড ইবোলায় আক্রান্ত হয়েছিলেন। তার স্ত্রী এবং তাদের চার সন্তানকেও ভাইরাসের লক্ষণ পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছিল।

ডা. স্ট্যাফোর্ডের চিকিৎসা জার্মানির বার্লিনে আইসোলেশনে করা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। তিনি জানান, অসুস্থতার সময় তার উচ্চ জ্বর এবং তীব্র দুর্বলতা ছিল।

সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ইবোলার কোনো রোগী শনাক্ত হয়নি এবং মার্কিন জনগণের জন্য সংক্রমণের ঝুঁকি খুবই কম।

গত মাসে, আফ্রিকার বাইরে প্রথম ইবোলা রোগী শনাক্ত হয় ফ্রান্সে, যেখানে এক ত্রাণকর্মীর শরীরে ভাইরাসটি ধরা পড়ে।

বিজ্ঞাপন