সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার, ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই মেলা সাহিত্যপ্রেমী, কবি, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়।
বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক রুপা চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ।
দুদিনব্যাপী এ আয়োজনে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। মেলার শেষদিন শাহানা বাজপেয়ীর একক রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মোহাম্মদ ইকবাল এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি উদয় শংকর দুর্জয়।