ফেনীতে আদালতের রায় বাস্তবায়ন করতে গিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও গ্রামের মোড়লদের বাধার মুখে প্রশাসনের ফিরে আসার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকার খালুর দোকান সংলগ্ন আয়ধন ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে।
আদালতের নথি সূত্রে জানা গেছে, ফেনীর যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক দেওয়ানি মোকদ্দমা নং-০৪/২০২৫ এর রায়ে পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকার খালুর দোকান সংলগ্ন আয়ধন ভূঞা বাড়ির মালিকানাধীন নালিশী জমিতে আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্য করে নির্মিত রাস্তা ৩০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বাদীপক্ষের অভিযোগ, আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সহায়তা চাওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সকল যন্ত্রপাতি, সরঞ্জামাদি, স্কেভেটর ও লোকবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তবে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও গ্রামের মোড়লদের বাধার কারণে তারা কার্যক্রম সম্পন্ন না করেই ফিরে যেতে বাধ্য হন।
মামলার বাদী আলাউদ্দিন বিলাস বলেন, "খরিদা সম্পত্তিতে জোরপূর্বক অবৈধভাবে রাস্তা নির্মাণ করায় আমি আদালতের আশ্রয় নিই। আদালত সব নথি ও প্রমাণ পর্যালোচনা করে আগের অবস্থায় জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু রায় বাস্তবায়নে আদালতের লোকবল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রভাবশালীদের বাধার মুখে ফিরে আসেন। আমি এর সুষ্ঠু প্রতিকার চাই।"
অভিযোগের বিষয়ে স্থানীয় মোড়ল কামাল উদ্দিন ওরফে লাল কামাল বলেন, "এটি দীর্ঘদিনের চলাচলের পথ। জনগণের স্বার্থে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছে। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। উভয়পক্ষের মধ্যে সমঝোতার জন্য ১০ দিনের সময় নেওয়া হয়েছে।"
আদালতের রায় বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ফেনী প্রথম জজ আদালতের নাজির আলতাফ হোসেন বলেন, "আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বাধার মুখে আমাদের ফিরে আসতে হয়েছে। এ বিষয়ে আদালতকে অবহিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।"
পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, "আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। বাস্তবায়নকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ১০ দিনের সময় নেওয়া হয়েছে।"