ভারতের উত্তরপ্রদেশের লখনৌর আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারের ভবনে আগুন লেগে অন্তত ১৪ জন নিহত হয়েছে। সোমবারের এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক শিক্ষার্থী ভবনের ভেতরে আটকা পড়ে যান।
প্রথম তলা থেকে প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী লাফিয়ে পড়ে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকার পর ফায়ার সার্ভিস কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই ভবনে একটি পোষা প্রাণীর দোকানসহ আরও কয়েকটি দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন কোচিং সেন্টারটিকে গ্রাস করার সঙ্গে সঙ্গে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিডিওচিত্রে দেখা গেছে, একজন ব্যক্তি আগুন থেকে পালানোর চেষ্টা করার সময় নিচে পড়ে যান।
নিহতরা প্রত্যেকেই কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন। তারা অ্যানিমেশন শিখতে আসতেন। কী থেকে আগুন লেগেছে, তা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে যাওয়ার জন্য আলিগড়ের সফর কাটছাঁট করেছেন। এ ঘটনার পর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'উত্তরপ্রদেশের লখনৌতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।'
মোদি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লাখ টাকা করে এককালীন সহায়তা দেওয়া হবে এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।’