ওয়ার্ল্ড কাপের গ্রুপ 'জি'তে গোলশূন্য ড্র হয়েছে ইরান ও বেলজিয়ামের ম্যাচ। বেলজিয়ান ফরোয়ার্ডরা একাধিক আক্রমণ করলেও ইরানের রক্ষণভাগকে পরাস্ত করতে ব্যর্থ হন। তবে, ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভান্দের পারফরম্যান্স ছিল অসাধারণ।
ম্যাচ শেষে, সোমবাবার (২২ জুন) সো-ফাই স্টেডিয়াম ত্যাগ করার আগে ইরানি ফুটবল টিম তাদের লকার রুমে একটি বিশেষ নোট লিখে রেখে যায়। নোটে তারা উল্লেখ করেন, "প্রাচীন পারস্য সাম্রাজ্য থেকে আধুনিক ইরান: আমাদের দেশের চেতনা আজও দৃঢ় ও জীবন্ত।"
নোটে লাল কালিতে লেখা ছিল 'মিনাব-১৬৮', যা গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের মিনাবে নিহত ১৬৮ শিশুর স্মরণে।
তারা আরও জানান, টুর্নামেন্টে ইরান সমর্থকদের ভালোবাসা ও আবেগ তাদের অনুপ্রাণিত করেছে। বার্তার শেষে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বান জানানো হয়।
ইরান তাদের প্রথম দুইটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে খেলেছে, যেখানে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র হয়েছে।
বর্তমানে দলটি মেক্সিকোর তিহুয়ানা থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করছে, যেখানে ভিসা ও ভ্রমণ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে। দলের কোচ আমির ঘালেনোই এই বিধিনিষেধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, দাবি করেছেন যে ইরানকে অন্যান্য দলের তুলনায় অতিরিক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরান মিশরের বিপক্ষে লড়বে, যা সিয়াটলে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ।