আন্তর্জাতিক আদালতের রায়ে সমুদ্রসীমা সঠিকভাবে নির্ধারণ হলেও বিগত সরকারের উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার কারণে বাংলাদেশে সমুদ্রের খনিজ সম্পদ আহরণ সম্ভব হয়নি। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আজ রাজধানীর খিলক্ষেতে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর আয়োজিত এক সেমিনারে এ কথা জানান।
সেমিনারে নৌমন্ত্রী কূপ অনুসন্ধান ও উত্তোলনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং সমুদ্র সম্পর্কিত তথ্যের যথাযথ ব্যবস্থাপনা ও কার্যকর আদান-প্রদানের মাধ্যমে সমুদ্রসম্পদের নিরাপদ ও টেকসই ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, “ডিজিটাল প্লাটফর্ম, সুরক্ষিত কাঠামো এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে সমুদ্রের ডেটা শেয়ারিংকে অগ্রাধিকার দিতে হবে।” তিনি বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র বিজ্ঞান কেন্দ্রকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
মন্ত্রী শেখ রবিউল আলম আরও জানান, বর্তমান সরকার নীতিগতভাবে অফশোর এলাকায় কূপ অনুসন্ধান, জ্বালানি ও খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তীতে উত্তোলনের উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, “আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র পেলাম, কিন্তু বিগত সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে সুফল পাইনি।”
সেমিনারে সামুদ্রিক গবেষণা, পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর হাইড্রোগ্রাফিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।