বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, "আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে বিবেচনা করার অনুরোধ করেছি।" তিনি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেন।
তিনি আরও বলেন, "শ্রমিক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী হতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।"
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। পারস্পরিক আস্থা এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ভিত্তিতে তাদের বন্ধুত্ব গড়ে উঠেছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেছি।"
রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগণের দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।" তিনি মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশ আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় জানিয়ে তিনি বলেন, "আমরা আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রত্যাশা করছি।"
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীর বলেন, "আমি তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের জনগণ তাদের স্বাগত জানাতে পারলে গর্ববোধ করবে।"