সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিলেটে ৫ প্রবাসীর মৃত্যুতে শোক, মরদেহ দ্রুত দেশে আনার দাবি

সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যুতে শোক, মরদেহ দ্রুত দেশে আনার দাবি উঠেছে।

সিলেটে ৫ প্রবাসীর মৃত্যুতে শোক, মরদেহ দ্রুত দেশে আনার দাবি

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তারা।

প্রায় ২০ বছর ধরে কাতারে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন কানাইঘাটের আমরপুর গ্রামের জিবাল আহমদ। তার স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে গভীর শোক ও অনিশ্চয়তা নেমে এসেছে। স্বজনরা জানান, পরিবারের দায়িত্ব ছিল একমাত্র তার কাঁধেই। এখন তার অনুপস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

একই অবস্থা পাশের গ্রামের জসিম উদ্দিনের। তিনি প্রায় ৯ বছর ধরে প্রবাসে ছিলেন এবং ধার-দেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন। দুই মাস পর দেশে ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই দুর্ঘটনায় মৃত্যু হয়।

জিবাল ও জসিম ছাড়াও একই উপজেলার কাদির আহমদ, জুবায়ের আহমদ ও মোস্তাক আহমদের বাড়িতেও শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনদের দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার দাঁড়াক।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।

গত রোববার স্থানীয় সময় সকালে কাতারের আল শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন