দেশের চারটি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট আটজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেটের ওসমানী নগরে সিএনজি অটোরিকশার সঙ্গে তেলের লরির সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট চারজন নিহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজারের শেরপুর থেকে সিলেট যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালকসহ সাত যাত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া, নাটোরের বড় হরিশপুরে বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। রাজশাহী-ঢাকা মহাসড়কের বড় হরিশপুর এলাকায় পৌঁছালে বাসটি পেছন থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক সাইদসহ সাব্বির নামে এক যাত্রীর মৃত্যু হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে ভায়া-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক সড়কের বাহাদিয়া এলাকায় স্থানীয় নুরুজ্জামানের বাড়ির সামনে দুইটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ ঘটে। বিষয়টি দেখতে গিয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া, গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।