রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে মাদক বিরোধে পাল্টাপাল্টি হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

ফরিদপুরে মাদক বিরোধে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

ফরিদপুরে মাদক বিরোধে পাল্টাপাল্টি হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলজারমন্ডলের ডাঙ্গীর আক্কাচ আলীর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার সময় আহতদের উদ্ধার করতে গিয়ে পুলিশের ওপরও হামলা চালানো হয়। উত্তেজিত জনতা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে এবং এর চাবি নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং গুরুতর আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ আগস্ট গোলজারমন্ডলের ডাঙ্গী এলাকায় যুবক শাকিল ইয়াবা সেবন করেন। ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে টুলু মিয়া ও তার বন্ধুরা শাকিলের কাছে টাকা দাবি করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে টুলু মিয়া মোহাম্মদপুর এলাকা থেকে লোকজন নিয়ে গোলজারমন্ডল এলাকায় মহড়া দেন এবং সেখানে স্থানীয় মুদি দোকানি বক্কার শিকদার ও মান্নানকে মারধর করেন।

বক্কার শিকদারের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে টুলু মিয়াকে না পেয়ে তার বাবা রাজা মিয়া ও স্থানীয় জয়নাল শিকদারকে মারধর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করতে গেলে স্থানীয় লোকজন পুলিশকে বাধা দেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, স্থানীয় আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলায় পিকআপ ভ্যানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ থানায় অভিযোগ দিতে আসেনি।

বিজ্ঞাপন