শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, দুই গ্রেফতার

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, দুই গ্রেফতার

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুই সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী (৩৬)।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. লুৎফর রহমান এই তথ্য জানান। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম ও চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি ফেসবুকের বিভিন্ন পেজে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা নিয়ে প্রতারণা করত।

গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজে লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানান।

বিজ্ঞাপন