ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি ও আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বিধবা নিলুফা ইয়াসমিন রাতে ঘুমানোর সময় দেখতে পান, তার ঘরের দরজায় বাহির থেকে তালা দেওয়া হয়েছে। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে তালা ভাঙতে বলেন।
তালা ভাঙার পর গোয়ালঘরে গিয়ে নিলুফা দেখতে পান, সেখানে থাকা দুটি গরুর একটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গরু উদ্ধার করা হয়। এই ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন ব্যক্তিকে গণপিটুনি দেয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।