মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে। দুই দেশের যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ইব্রাহিম বলেন, এই প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানো হবে। এর মাধ্যমে চলমান মানবিক সংকটের মূল কারণ ও এর প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, "আমাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুরবস্থা নিরসনে কাজ করবো।"
এছাড়া, তিনি গবেষণা ও নতুন প্রযুক্তির ওপর বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরেন, যা ভবিষ্যতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে, তিনি কৃষির পাশাপাশি জ্বালানি, সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি ও উন্নত প্রযুক্তির উৎপাদন শিল্পের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়, বিশেষ করে গাজায় ফিলিস্তিনিদের চলমান মানবিক দুর্ভোগ বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া, দুই দেশের মধ্যে 'কালচারাল কো-অপারেশন' সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ও বিনিময় করা হয়। উভয় পক্ষই এসব উদ্যোগকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল এবং পারস্পরিকভাবে লাভজনক করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে।