২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করতে গিয়ে ইরানকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাম্প্রতিক ঘটনায়, ইরানের ফুটবল দলের অধিনায়ক মেহেদী তারিম ও সহকারী কোচ সাঈদ আল হোইকে যুক্তরাষ্ট্রের তিজুয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রাখা হয়েছে।
ইরান ফুটবল ফেডারেশনের অভিযোগ, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদেরকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ অধিনায়ক ও সহকারী কোচকে ছাড়া দলের অন্যান্য সদস্যদের সিয়াটলে যাওয়ার নির্দেশ দেয়, কিন্তু দলের সদস্যরা তাদের ছাড়া যেতে অস্বীকৃতি জানান এবং বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করেন।
এর আগে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইরানকে আশ্বাস দিয়েছিল যে, তাদেরকে কোনো জটিলতা ছাড়াই দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কিন্তু এই ঘটনার পর ইরান ফুটবল ফেডারেশন এ ঘটনার নিন্দা জানিয়ে এটিকে ‘অযৌক্তিক’ ও ‘ইচ্ছাকৃত হয়রানি’ হিসেবে উল্লেখ করেছে।
ফেডারেশনের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের অজুহাতে তাদেরকে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল।
ইরানের জন্য আগামীকাল শনিবার মিসরের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তারা নকআউটের টিকিট পেতে চেষ্টা করবে। বর্তমানে ইরান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে।