শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই দফার ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। আহতের সংখ্যা ৪ হাজারের বেশি এবং নিখোঁজ রয়েছে ১১ হাজারের বেশি মানুষ।

জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজের মতে, হতাহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর শঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য, যেখানে বহু ভবন ধসে পড়েছে। কর্তৃপক্ষ অঞ্চলটিকে কার্যত ‘দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।

ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে। কোথাও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, আবার কোথাও খালি হাতে উদ্ধারকাজ চলছে। এরিক পল মার্টিনেজ সান্তোস নামের এক ব্যক্তি চার ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। তিনি বলেন, “উদ্ধারকারীদের কাছে পর্যাপ্ত সরঞ্জামও ছিল না, কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করেছে।”

অনেক পরিবার এখনও তাদের স্বজনদের খোঁজে ধসে পড়া ভবনের সামনে অপেক্ষা করছে। অনেকের স্ত্রী-সন্তান, বাবা-মা কিংবা আত্মীয়স্বজন নিখোঁজ রয়েছে। স্বেচ্ছাসেবকরা উদ্ধারকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মূল ভূমিকম্পের পর আরও শক্তিশালী আফটারশকের আশঙ্কা রয়েছে, ফলে কর্তৃপক্ষকে নতুন ঝুঁকিও মোকাবিলা করতে হচ্ছে।

বিজ্ঞাপন