ভেনেজুয়েলায় শক্তিশালী দুইটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২ হাজার ৯৫৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়া, আহত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। অনানুষ্ঠানিক হিসাবে, ভূমিকম্পের ১০ দিন পরও প্রায় ৪১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন ৩ হাজার ২৮২ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী।
সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৮০টি অস্থায়ী আশ্রয়শিবির চালু করেছে এবং ত্রাণ কার্যক্রমে অন্তত ৩০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন।
২৪ জুন আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর এ পর্যন্ত অন্তত ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।