বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার জন্য চিত্রনায়ক বাপ্পারাজের প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন রুমানা ইসলাম মুক্তি। তবে, শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাপ্পারাজ।
সোমবার (২২ জুন) মনোনয়নপত্র জমার দিনে তিনি এফডিসিতে হাজির হন। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে, কি সিদ্ধান্তে বদলে আবারও নির্বাচনে প্রার্থী হচ্ছেন এই নায়ক। তবে, বাপ্পারাজ জানান, তিনি প্রার্থী না হলেও মুক্তির প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছেন।
বাপ্পারাজ বলেন, “আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে, তোমাদের সঙ্গে সবসময় আছি।”
মনোনয়নপত্র জমা দেওয়ার পর রুমানা ইসলাম মুক্তি সামাজিকমাধ্যমে পোস্ট করেন, “শিল্পী সমিতি ২০২৬-২০২৮ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলাম আরমান-মুক্তি প্যানেল, আলহামদুলিল্লাহ। বাপ্পারাজ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য আজকে আসায়।”
শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। তবে, হঠাৎ করেই বাপ্পারাজের পরিবর্তে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান।
এফডিসিতে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির এই দ্বি-বার্ষিক নির্বাচন।