মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টুকু বলেন, তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়। তবে এই খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল।
টুকু উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি বলেন, এখন তারা পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
এছাড়া, টুকু বলেন, যারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। তিনি অভিযোগ করেন, গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করেন তারা এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে তারা কখনও আপস করবেন না।