সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, "শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায় আছেন।" তিনি অভিযোগ করেছেন যে, দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে।
১৯ নভেম্বর, বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে সোহেল তাজ উল্লেখ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালিয়েছেন। তিনি বলেন, "গণতন্ত্রকে কবর দিয়ে দেশকে ধ্বংস করেছেন।"
সোহেল তাজ আরও দাবি করেন, শেখ হাসিনা দেশে ফেরার নামে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করেছেন। তার উদ্দেশ্য হলো দেশে অরাজকতা সৃষ্টি করা, যাতে তিনি প্রতিশোধ নিতে পারেন।
তিনি বলেন, "শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, তার মতো করে কেউ আন্দোলন তৈরি করতে পারে না। সেই আন্দোলনের একটি বড় উপাদান হচ্ছে ‘লাশ’।" তিনি মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের নেতাকর্মীদের লাশ চান এবং এ কারণেই উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে।
সোহেল তাজ পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা দিয়ে বলেন, "তিনি গণহত্যা চালিয়ে এখন নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করছেন।"