জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। তিনি এই মন্তব্য করেন লন্ডনে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, "লন্ডনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীদের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।" তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আরও জানান, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজে এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। নাহিদ আশা করেন, তাদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।
নাহিদ ইসলাম বলেন, "বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের চেষ্টা করছে।"
তিনি যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা ও ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন।
এসময় নাহিদ ইসলাম যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লন্ডনে হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।