জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। এটি তার প্রথম যুক্তরাজ্য সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
এনসিপি থেকে বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সফরের বিষয়টি নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে। আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষায় সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ গুরুত্ব পাবে।
এনসিপির তথ্য অনুযায়ী, সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন।
এহতেশাম হক জানান, সফরে জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য প্রাধান্য পাবে। যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ও করবেন নাহিদ ইসলাম।
সফরের শেষ দিনে, ১৬ নভেম্বর, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।