বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী আচরণ: নাহিদ ইসলাম

সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী আচরণ হচ্ছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম।

সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী আচরণ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী আচরণ করা হচ্ছে। তিনি আজ মঙ্গলবার গাজীপুরে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা সভায় এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড মানুষের বাকস্বাধীনতা বাধাগ্রস্ত করছে এবং দেশে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি তৈরি হচ্ছে।'

তিনি আরও বলেন, 'দেশে গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী রমজানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা কঠিন।' সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের বেতন বাড়ানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এনসিপি আহ্বায়ক জানান, সরকারের সমালোচনা করার কারণে এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের সিফাতসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দাবি করেন।

শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 'মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হলে সব পেশার মানুষের বেতন-ভাতার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।' এ বিষয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন