লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালী আবারও দখলে নিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। রোববার, সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারপন্থি বাহিনী এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়।
সরকারপন্থি বাহিনী জানায়, দেশের অস্থায়ী রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতে বাব আল-মান্দেব এলাকা থেকে সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এর পরপরই হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম প্রণালিসংলগ্ন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে।
সৌদি আরব এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। সেপ্টেম্বর মাসে আকস্মিক অভিযানে হুতি বিদ্রোহীরা এলাকা নিয়ন্ত্রণে নিলে, সরকারপন্থি বাহিনী তা পুনরুদ্ধারের জন্য কয়েক সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছিল।
তবে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে সেই অভিযান শেষ হয়ে গেল। এই পরিস্থিতি বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন করে ঝুঁকি সৃষ্টি করতে পারে।