লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়ান শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে ৭৫টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। রোববার (১৫ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।
বেকা উপত্যকার জাহলে জেলার বার এলিয়াস শহরে অবস্থিত ওই শিবিরে আগুন লাগার সময় সেখানে প্রায় ৪৮৬ জন মানুষ বসবাস করছিলেন। রাতের কোনো এক সময় আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা শিবিরের তাঁবুগুলোতে ছড়িয়ে পড়ে।
আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, শিবিরের ৫৯টি তাঁবু পুড়ে গেছে। তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, স্থানীয় সময় সকালে ৩০টি তাঁবু ও একটি গাড়ি আগুনে পুড়ে যায়। এই ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা অধিদফতরের বিবৃতিতে বলা হয়েছে, বার এলিয়াসের সাআদা সড়কের পাশের ওই শিবিরে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই অগ্নিকাণ্ড লেবাননে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিপুলসংখ্যক মানুষ লেবাননে আশ্রয় নিয়েছেন, যেখানে শরণার্থীদের আবাসন ও মৌলিক চাহিদা পূরণ নিয়ে নানা সংকট বিদ্যমান।
লেবাননের কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত জানুয়ারিতে দেশটিতে প্রায় ১৫ লাখ সিরীয় শরণার্থী বসবাস করছিলেন, যার মধ্যে ৮ লাখ ৮০ হাজার জন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরে নিবন্ধিত।
লেবানন সরকার সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য একটি স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচি চালু করেছে, যার আওতায় ২০২৫ সালের মধ্যে ৫ লাখের বেশি শরণার্থী দেশে ফিরে যাওয়ার আশা করা হচ্ছে।