ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তার ৪৯ বছরের পুরনো ব্যাট হাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা দুটি ছবির মাধ্যমে তিনি শৈশবের স্মৃতি ফিরিয়ে আনলেন।
রোববার (১৫ নভেম্বর) শচিন তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন। প্রথম ছবিতে ছোট্ট শচিন হাসিমুখে ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় ছবিতে একই ভঙ্গিতে সেই ব্যাট হাতে পোজ দিয়েছেন মাস্টার ব্লাস্টার।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথম ব্যাটের কথা, ৪৯ বছর পরও আমার সঙ্গে আছে!’ এটি নির্দেশ করে যে, জীবনের প্রথম ক্রিকেট ব্যাটটি তিনি এত বছর ধরে যত্ন করে রেখেছেন।
শচিনের এই পোস্টের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, ১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচিতে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। মাত্র ১৬ বছর বয়সে শুরু হওয়া সেই যাত্রার ৩৭ বছর পূর্ণ হলো এদিন।
দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন শচিন। তার অর্জনের তালিকা দীর্ঘ, তবে ৪৯ বছর আগের প্রথম ব্যাটটির মূল্য তার কাছে কতটা তা নতুন ছবিতে প্রতিফলিত হয়েছে।