দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পুনর্নির্বাচনের পর জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের ও দায়িত্বের বিষয়। আমি বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও জানান, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে, যা নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের জন্য অনুপ্রেরণার সুযোগ তৈরি করবে।’
জয় শাহ বলেন, 'সফল আয়োজন নিশ্চিত করা আমাদের দায়িত্বের একটি অংশ, তবে সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের গুরুত্ব দিয়ে ক্রিকেটের আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।'
২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের ফিরে আসা জয় শাহর অন্যতম লক্ষ্য। ২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করা জয় শাহর প্রথম মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বরে শেষ হবে, এবং দ্বিতীয় মেয়াদ ২০৩০ সালের ডিসেম্বরে শেষ হবে। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, একজন চেয়ারম্যান সর্বোচ্চ তিন বছর মেয়াদের দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।